Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

বন্যায় প্রাণ হারানোদের পরিবারকে মাথাপিছু ৫০ হাজার টাকা দেবে জামায়াত


 

বন্যায় চট্টগ্রাম বিভাগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান।


শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে এ কথা বলেন শফিকুর রহমান।


জামায়াত আমির বলেন, ‘দেশের আটটি বিভাগের মধ্যে বর্তমানে চারটিই বন্যার কারণে দারুণভাবে ক্ষতিগ্রস্ত। এসব এলাকার মানুষ অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে দিনাতিপাত করছে।’


এছাড়া তিনি বলেন, ‘আমরা এটাকে ত্রাণ (রিলিফ) বলি না, আমরা এটাকে উপহার বলি। জামায়াতে ইসলামী একটি সংগঠন হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যায় এই বিভাগে যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আগামী তিনদিনের মধ্যে মাথাপিছু ৫০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।’


শফিকুর রহমান বলেন, বাংলাদেশ শুধু সরকারি দলের না, এই দেশ ১৮ কোটি মানুষের দেশ। জনগণ তাদেরকে কেবল সংসদে বসে থাকার জন্য পাঠায়নি, বরং জনগণের পক্ষে কথা বলার জন্য পাঠিয়েছে।


সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলের এই নেতা বলেন, সরকারি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহযোগিতা করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। বিশেষ করে যাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ফসল নষ্ট হয়েছে কিংবা মাছের ঘের ভেসে গেছে, তাদের সঠিক তালিকা তৈরি করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।


বন্যার্তদের জন্য বরাদ্দকৃত সরকারি ও বেসরকারি সাহায্যে যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়েও তিনি জনগণকে সজাগ থাকার পরামর্শ দেন।


তিনি বলেন, ‘জনগণের পাওনা যেন জনগণের কাছে পৌঁছায়। এতে কোনো ডাকাত যেন হাত বসাতে না পারে, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। আপনারা সজাগ না থাকলে সুযোগসন্ধানীরা সাধারণ মানুষের হক কেড়ে নেবে বলে তিনি মন্তব্য করেন।’


এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি এস এম ফয়সাল মো. ইউনুস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি এস এম লৎফুর রহমান, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানি আকন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ নাসের, বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতারা।


উল্লেখ্য, শুক্রবার সকাল চট্টগ্রামের বন্যা পরিস্থিতি ও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা সরেজমিনে দেখতে চট্টগ্রাম সফর করেন শফিকুর রহমান। সকাল ৭টা ৫০ মিনিটে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ