ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামপুর–গৌরীপুর সড়কের লংকাখোলা মোড় থেকে খুককাখালী ব্রিজ পর্যন্ত প্রায় ৩–৪ কিলোমিটার অংশ দীর্ঘদিন ধরে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির এমন ভয়াবহ দুরবস্থায় চরম ক্ষোভ প্রকাশ করে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে, সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তা কাদাপানিতে একাকার হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং জরুরি রোগীসহ হাজারো মানুষ চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়ই অ্যাম্বুলেন্স, রিকশা ও ভ্যান উল্টে দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কিছুদিন আগে নিজেদের উদ্যোগে ইট-বালি ফেলে রাস্তাটি সাময়িক চলাচলের উপযোগী করা হলেও, সাম্প্রতিক ভারী বৃষ্টিতে তা আবারও আগের চেয়েও খারাপ হয়ে গেছে। এখন আর কোনো সাময়িক জোড়াতালি নয়, বরং টেকসই ও স্থায়ী সংস্কার প্রয়োজন।
এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয় সংসদ সদস্য (এমপি), উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি দ্রুত পরিদর্শন করে স্থায়ী মেরামতের কার্যকর উদ্যোগ নেওয়ার বিনীত আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

0 মন্তব্যসমূহ