ঘোষণা আর তকমাতেই আটকে আছে শাহগঞ্জ জামে মসজিদের ভাগ্য। দীর্ঘ সময় ধরে এটিকে এলাকার 'কেন্দ্রীয় মসজিদ' হিসেবে গণ্য করা হলেও, বাস্তব চিত্রে তার কোনো প্রতিফলন নেই। আধুনিকায়ন তো দূরের কথা, ন্যূনতম সংস্কার ও উন্নয়নের ছোঁয়া না লাগায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহগঞ্জ জামে মসজিদটি এই অঞ্চলের অন্যতম প্রধান এবং কেন্দ্রীয় ধর্মীয় উপাসনালয়। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মুসল্লি এখানে নামাজ আদায় করতে আসেন। বিশেষ করে জুমার নামাজ এবং দুই ঈদে এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এত বড় এবং গুরুত্বপূর্ণ একটি মসজিদ হওয়া সত্ত্বেও এর অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি।
সরেজমিনে দেখা যায়, মসজিদের অজুখানা, টয়লেট এবং ভেতরের পরিবেশ আধুনিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। দিন দিন মুসল্লিদের সংখ্যা বাড়লেও সেই অনুপাতে মসজিদের জায়গা সম্প্রসারণ বা বহুতল ভবন নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ছাদের প্লাস্টার খসে পড়া, দেয়ালের নোনা ধরা এবং বর্ষাকালে পানি চুইয়ে পড়ার মতো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে মুসল্লিদের।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন নিয়মিত মুসল্লি জানান:
আমরা ছোটবেলা থেকেই এটাকে কেন্দ্রীয় মসজিদ হিসেবে দেখে আসছি। কিন্তু দুঃখের বিষয়, আসেপাশের অনেক সাধারণ মসজিদ যেখানে বহুতল এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হয়ে গেছে, সেখানে আমাদের কেন্দ্রীয় মসজিদের কোনো অগ্রগতি নেই। কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই আজ এই দশা।
এলাকাবাসীর দাবি, শাহগঞ্জ জামে মসজিদের কেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে এবং মুসল্লিদের নামাজ আদায়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে একটি দক্ষ কমিটি গঠন করা প্রয়োজন। একই সাথে সরকারি-বেসরকারি অনুদান এবং স্থানীয় ফান্ডের সঠিক ব্যবহারের মাধ্যমে দ্রুত এর উন্নয়ন ও আধুনিকায়নের কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
#shahgonjnews #BreakingNews

0 মন্তব্যসমূহ