বেহাল দশায় শাহগঞ্জ-বেকুরহাটি সংযোগ সড়ক: ভোগান্তিতে দুই উপজেলার হাজারো মানুষ
নিজস্ব প্রতিবেদক, গৌরীপুর ও কেন্দুয়া:
ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলা সংযোগকারী শাহগঞ্জ-বেকুরহাটি সড়কটি এখন যান চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। সড়কটির বর্তমান বেহাল দশার কারণে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সড়কটির মোট দৈর্ঘ্যের মধ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার অধীনে প্রায় ১.৫ কিলোমিটার এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অধীনে ৪.৫ কিলোমিটার অংশ সম্পূর্ণভাবে ভেঙে গেছে। বর্ষার মৌসুমে সড়কের বড় বড় গর্তে পানি জমে থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।
বিজ্ঞাপন
ভুক্তভোগীদের অভিযোগ, রাস্তাটির মেরামত কাজের সমন্বয়হীনতার কারণেও দুর্ভোগ বাড়ছে। অনেক সময় এক উপজেলার অংশ মেরামত করা হলেও অন্য অংশ ভাঙা থেকে যাচ্ছে, ফলে পুরো সড়কটিই যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সড়কটির নাজুক অবস্থার কারণে যাতায়াত খরচ ও সময়—উভয়ই বেড়েছে। আগে যেখানে ২০ টাকা ভাড়ায় যাতায়াত করা যেত, বর্তমানে ভাঙাচোরা রাস্তার কারণে তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ টাকায়। সেই সঙ্গে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে আগের তুলনায় প্রায় তিন গুণ বেশি।
এলাকাবাসী বলছেন, শাহগঞ্জ-বেকুরহাটি সড়কটি দুই উপজেলার মানুষের জন্য যাতায়াতের অন্যতম প্রধান পথ। দ্রুত টেকসই সংস্কার না করা হলে এই জনপদের জনজীবন স্থবির হয়ে পড়বে। স্থানীয় জনসাধারণ অতি দ্রুত উভয় উপজেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিত উদ্যোগ নিয়ে সড়কটি চলাচলের উপযোগী করার আহ্বান জানিয়েছেন।


0 মন্তব্যসমূহ